ঝিনাইদহের মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, অভিযুক্ত আটক
ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) ভোরে শ্যামকুড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে অভিযুক্ত এখলাস উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের বাসিন্দা। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের ভাষ্য, এখলাস উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মাকে নির্যাতন করতেন।
শ্যামকুড় ইউনিয়নের সদস্য শহিদুল ইসলাম জানান, শুক্রবার ভোরে নেশার জন্য মায়ের কাছে টাকা চান এখলাস। টাকা না পেয়ে একপর্যায়ে কাঁচি দিয়ে মায়ের গলা কেটে দেন বলে অভিযোগ। পরে ছোট ছেলের স্ত্রী খাবার দিতে এসে শখের বানুকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন।
এদিকে ঘটনার পর এখলাস পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।