বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৪৫ সদস্যের প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে জ্বালানি, প্রযুক্তি, আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন খাতের যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এক্সেলেরেট এনার্জির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অলিভার সিম্পসন। এতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

১১ থেকে ১৩ আগস্ট ঢাকায় অবস্থান করা প্রতিনিধিদলের সফরের মূল লক্ষ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজে বের করা।

এর আগে বুধবার প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে। সেখানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

মধ্যাহ্নভোজে শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা পরিচালনার সুযোগ ও চ্যালেঞ্জের পাশাপাশি জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, কৃষি ও আর্থিক সেবার মতো খাতগুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন এক্সেলেরেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস ও রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ। তারা আয়োজকদের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশের অংশীজনদের সঙ্গে আলোচনার সুযোগের প্রশংসা করেন।

মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর অভিন্ন প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179858