বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে পুতিন, জাপান বললো ‘একেবারেই অগ্রহণযোগ্য’
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে রাশিয়া ও জাপানের মধ্যে। পুতিনের এই সফরকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, এই সফর জাপানি জনগণের অনুভূতিতে চরম আঘাত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম পুতিনের কুরিল দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ ইতুরুপ সফরের তথ্য জানিয়েছে। জাপানে দ্বীপটি এতোরোফু নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপপুঞ্জটি দখল করে নেয়। এরপর থেকেই রাশিয়া ও জাপান উভয় দেশ অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে। দীর্ঘদিনের এই ভূখণ্ডগত বিরোধের কারণে দুই দেশের মধ্যে এখনো কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। জাপান দ্বীপগুলোকে ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ হিসেবে দাবি করে।
বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে সানায়ে তাকাইচি বলেন, পুতিনের এই সফর রাশিয়ার প্রতি জাপানিদের মনোভাবকে আরও নেতিবাচক করেছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগিও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জাপানের অবিচ্ছেদ্য ভূখণ্ড। এর আগেও রুশ কর্মকর্তারা ওই অঞ্চলে সফর করলে টোকিও প্রতিবাদ জানিয়েছিল।
কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। গত এক দশকে সেখানে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে মস্কো। ইতুরুপ দ্বীপকে প্রধান সামরিক বিমানঘাঁটি হিসেবেও ব্যবহার করছে তারা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে চীন ও রাশিয়ার যৌথ নৌবাহিনী ওই অঞ্চলের প্রণালি দিয়ে টহল চালিয়েছে। রাশিয়াও নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করে আসছে। এসব কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ও নিন্দা জানিয়ে আসছে জাপান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179857