সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
ময়মনসিংহের ত্রিশালে বালুরঘাটের ইজারাদার ও ছাত্রদলের সাবেক এক নেতাকে মারধরের ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
এর আগে বুধবার দুপুরে ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির পয়েন্ট পরিদর্শনে যান ইউএনও। সেখানে ছাত্রদলের সাবেক নেতা ও ঘাটের ব্যবস্থাপক সারোয়ার জাহান বাচ্চুকে মারধরের ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের মধ্যস্থতায় ত্রিশাল পৌর শহরের টিএমসি হাসপাতালে বিষয়টি মীমাংসা করা হয়। সেখানে ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং ‘সরি’ বলেন।
বদলির আদেশের বিষয়ে ইউএনও জানান, তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার একটি আদেশ তিনি পেয়েছেন। এ ঘটনায় পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179856