ম্যানেজ মাস্টার’-এর ২০০ পর্বে যুক্ত হলেন মিম চৌধুরী

ম্যানেজ মাস্টার’-এর ২০০ পর্বে যুক্ত হলেন মিম চৌধুরী

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশে এই প্রজন্মের দর্শকপ্রিয় আলোচিত অভিনেত্রী মিম চৌধুরী। এই সময়ে সাধারনত তিনি মোশাররফ করিম ও তন্ময় সোহেলের সঙ্গেই জুটি বেঁধে বেশি নাটক করছেন। একক নাটকে মিমের ব্যস্ততা এই সময়ে অনেক বেশি। যে কারণে তার কাছে আসার প্রচুর ধারাবাহিক নাটকের প্রস্তাব তিনি বিনয়ের সাথেই আপাতত ফিরিয়ে দিচ্ছেন। তবে আরটিভিতে বিগত প্রায় দুই বছর ধরে প্রচার চলতি সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিক নাটকে তাকে অভিনয় করতেই হয়েছে। পরিচালকের প্রবল আগ্রহে এবং ধারাবাহিকটিতে তার চরিত্রটি ভালোলাগায় মিম চৌধুরী এই ধারাবাহিকে অভিনয় করতে সম্মত হন।

এরইমধ্যে ধারাবাহিকটির দুইশত তম পর্ব প্রচারিত হয়েছে। আর এই দুইশত তম পর্বেই যুক্ত হয়েছেন মিম চৌধুরী।

মিম চৌধুরী বলেন,‘ সত্যি বলতে কী এই সময়ে একক নাটক বা খণ্ড নাটকে কাজ করার চাপ অনেক বেশি। বেশিরভাগ সময়ই আমাকে হয় মোশাররফ করিম ভাই নতুনবা তন্ময় সোহেলের সঙ্গে নাটকের কাজ করতে হয়। তাদের সঙ্গে সিডিউল মিলিয়ে আমাকে কাজ করতে হয়। যে কারণে চাইলেই আমি ধারাবাহিক নাটকে এই মুহুর্তে সময় দিতে পারিনা। তবে সঞ্জিত সরকার দাদা সম্পর্কে আমি অনেক আগে থেকেই অবগত। তিনি আমাকে তার ধারাবাহিকের গল্প শুনিয়েছেন, আমারও গল্প এবং চরিত্র ভালোলাগায় এই ধারাবাহিক যুক্ত হয়েছি। ভালো না লাগলে তো আসলে দুইশত পর্বে এসে এই ধারাবাহিকে যুক্ত হতাম না। এখন আমার এই ধারাবাহিকের দ্বিতীয় লটের কাজ চলছে। আমার কাছে পুরো ইউনিটের আন্তরিকতাটা ভীষণ ভালোলেগেছে। আর সঞ্জিত দা লিখেন যেমন, নির্দেশনাও দেন চমৎকার, মানুষ হিসেবে সত্যিই একজন মাটির মানুষ। আমি ম্যানেজ মাস্টার-এ কাজ করে মুগ্ধ।’

ম্যানেজ মাস্টার’ প্রতি শুক্রবার থেকে সোমবার রাত দশটায় আরটিভিতে প্রচার হয়। এই ধারাবাহিকে মিম চৌধুরী অভিনয় করছেন রিমঝিম চরিত্রে। এদিকে মিম চৌধুরী গ্লোবাল টিভির ‘গ্লোবাল মিউজিক’ সরাসরি গানের অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনাও করছেন। পাশাপাশি বিশেষ বিশেষ দিবসে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনও করে থাকেন। সাম্প্রতিক সময়ে মিম অভিনীত একক আলোচিত নাটকগুলো হচ্ছে ‘বাবার শেষ উপহার’,‘ পোড়াকপালি বউ’,‘ অশিক্ষিত ভাই’, ইত্যাদি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179842