‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার’এ সম্মাননায় ভূষিত লাবণ্য

‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার’এ সম্মাননায় ভূষিত লাবণ্য

অভি মঈনুদ্দীন ঃ ইয়াসমিন লাবণ্য বহুগুনে গুনান্বিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্ব, তার বিনয় এবং তার পেশাগত কাজ তার চারপাশের মানুষকে মুগ্ধ করে রাখে সবসময়। লাবণ্য একাধারে একজন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং উপস্থাপিকা। তিনি যখন যে ক্ষেত্রে পা রেখেছেন সেই ক্ষেত্রেই তিনি সফল হয়েছেন। গত ১০ আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সোহাগ ড্যান্স ট্রুপ আয়োজিত ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’।

এই আয়োজনেই বিগত দুই দশক যাবত নাচে বিশেষ অবদানের জন্য এবং এই স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫-এর একজন প্রধান বিচারক হিসেবে কাজ করায় তার হাতে নৃত্যরত্ন পুরস্কার ২০২৫-এর বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। জীবনের এই পর্যায়ে এসে এমন সম্মাননা’প্রাপ্তিতে অনেক বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন ইয়াসমিন লাবণ্য।

ইয়াসমীন লাবণ্য বলেন,‘ সোহাগ ভাইয়ের সাথে পরিচয় সেই শাপলা কুঁড়ি থেকে। পরে ২০০৭ থেকে আজ পর্যন্ত অনেক দিনের পথচলা। তার সাথে কাজ করার অভিজ্ঞতা, তার গ্রুপের হয়ে প্রধান নৃত্যশিল্পী হয়ে অনেক অনুষ্ঠান করেছি। এবার এই আয়োজনের বিচারক হিসেবে থাকা, এই সম্মাননা পাওয়া সত্যিই ভালো লাগার মত বিষয়। যে কোনো সম্মাননাই অনেক অনুপ্রেরণা যোগায়। এবারের আয়োজন দেখে নিজের ছোটবেলার কথা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, পুরষ্কার পাওয়া সব গল্প মনে পড়ছিল। আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার এই পুরস্কারপ্রাপ্তির নেপথ্যে থাকা সবার প্রতি।’

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ইয়াসমীন লাবণ্য সৃজনশীল নৃত্যের বিচারক ছিলেন। ইয়াসমিন লাবণ্য মাছরাঙ্গা টিভিতে নিয়মিত উপস্থাপনা করছেন। লাবণ্য মারুফ হোসেন সজীব পরিচালিত ‘খোয়াব’ নাটকের ‘এই হৃদয় ছুঁয়ে যাও’ শিরোনামের একটি গান গেয়েছিলেন। গানটি লিখেছেন জয়ন্ত কর্ম্মকার, সুর সঙ্গীত করেছেন আপেল মাহমুদ এমিল। গানটিতে লাবণ্য’র সহশিল্পী প্রান্ত। চলতি বছরে যথারীতি লাবণ্য বিটিভিতে যেমন নতুন গান গেয়েছেন ঠিক তেমনি বেতারেও নতুন গান গেয়েছেন। এছাড়াও বাংলাদেশ বেতারে লাবণ্য’র উপস্থাপনায় নিয়মিত প্রচার হয় সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’। এর পাশাপাশি আছে যথারীতি শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে তার ব্যস্ততা। শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীত সন্ধ্যা’য় একটা পর্বেও উপস্থাপনায ছিলেন ইয়াসমিন লাবণ্য।

কিছুদিন আগে লাবণ্য তার বাবাকে হারান। বাবাকে হারানোর পর তিনি মানসিকভাবে এতোটাই ভেঙ্গে পড়েছেন যে পুরোপুরি স্বাভাবিক হতে তার বেশ সময় লাগছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179838