বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি জিলাপি জব্দ করে ধ্বংস
স্টাফ রিপোর্টার : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে জিলাপি পরীক্ষা করে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ পাওয়ায় প্রায় ৩০ কেজি জিলাপি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে মহানগরের ফতেহ আলী বাজারে জিলাপির দোকানগুলোতে জিলাপির নমুনা সংগ্রহ করে ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। এসময় খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ পাওয়ায়, হাজী জিলাপী, সানামা সুইটস, আবুল হোটেল, স্বাদ সুইটস ও আল আমিন সুইটসের তৈরি প্রায় মোট ৩০ কেজি জিলাপি জনসম্মুখে ধ্বংস করা হয়। এরপর ফতেহ আলী বাজারে মাছে ফরমালিনের উপস্থিতি শনাক্তকরণে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। মাছের ৬টি দোকান থেকে ৬টি নমুনা পরীক্ষায় ফরমালিন পাওয়া যায়নি।
এসময় সদরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সাখাওয়াত হোসেন, নমুনা সংগ্রহ সহকারী শরিফুল ইসলামসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179837