গোপন তৎপরতায় লিপ্ত ঢাবি শিক্ষকদের বিরুদ্ধে কমিটি গঠন

গোপন তৎপরতায় লিপ্ত ঢাবি শিক্ষকদের বিরুদ্ধে কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি: রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে তদন্ত করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। কমিটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। ইতোমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।

ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় জড়িত বলে উল্লেখ করা হয়। তাদের মধ্যে এ পর্যন্ত ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

কমিটি এসব শিক্ষকের বিষয়ে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়েও প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সুপারিশ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179821