বগুড়া শজিমেক হাসপাতাল ১৮শ’ শয্যায় উন্নীত হচ্ছে
স্টাফ রিপোর্টার ঃ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১২০০ থেকে বাড়িয়ে ১৮০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। বগুড়াসহ আশে পাশের ৮টি জেলার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই শয্যা বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দিয়েছে।
গত ৪ আগস্ট মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, বগুড়া শজিমেক হাসপাতালটি একটি টারশিয়ারি স্তরের (উচ্চতর চিকিৎসাকেন্দ্র) বিশেষায়িত হাসপাতাল। বর্তমানে এই হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় ভর্তি রোগীর গড় অনুপাত প্রায় ১৫৪.১০ শতাংশ। দিন দিন রোগীর চাপ বাড়তে থাকায় ভবিষ্যতে এটি আরও ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শয্যা সংকটের কারণে প্রতিদিন অতিরিক্ত অসংখ্য রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫শ’ থেকে ৩ হাজার রোগী বহির্বিভাগে সেবা নেন। বগুড়া জেলা ছাড়াও গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরসহ পাশ্ববর্তী ৮টি জেলার রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। প্রায় ২ কোটি মানুষের এই অঞ্চলে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ এবং অন্যান্য জটিল চিকিৎসায় শয্যার চাহিদা বিদ্যমান সক্ষমতার চেয়ে অনেক বেশি।
এই পরিস্থিতিতে উত্তরাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর বিশেষায়িত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হাসপাতালের শয্যা সংখ্যা ১২শ’ থেকে ১৮শ’ তে উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে বিদ্যমান জনবল দিয়েই হাসপাতালের সেবা কার্যক্রম চালানো হবে। তবে ভবিষ্যতে সুষ্ঠু সেবা প্রদানের স্বার্থে হাসপাতালের ক্যানসার সেন্টারসহ অন্যান্য অর্গানোগ্রাম (অনুমোদিত পদ কাঠামো) অনুযায়ী নতুন পদ সৃষ্টি করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179816