চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে প্রান গেল মাদরাসাছাত্রীর
চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবানী রেল ক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ছায়াবানী রেল ক্রসিং পার হয়ে সামান্য পূর্ব পাশে পৌঁছালে তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তায়েবা নিহত হয়।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর বলেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকেরা থানায় এসেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।