পিতৃশোক কাটিয়ে মাঠে ফিরেও ক্লাবকে জেতাতে পারলেন না মেসি
স্পোর্টস ডেস্ক : পিতৃশোক কাটিয়ে বুধবার রাতেই মাঠে ফিরেন লিওনেল মেসি। প্রত্যাবর্তনের ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার উপস্থিতিতে ইন্টার মিয়ামির সমর্থকদের মধ্যে জেগেছিল ঘুরে দাঁড়ানোর আশা। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হলো না। ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরে ২০২৬ লিগস কাপের প্রথম ধাপ থেকেই বিদায় নিয়েছে মায়ামি।
মেসির জন্য ম্যাচটি ছিল বিশেষ আবেগের। বাবা হোর্হে মেসির শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনায় থাকার পর যুক্তরাষ্ট্রে ফিরে দলের সঙ্গে যোগ দেন তিনি। শোকের মধ্যেও দলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ড্যানিয়েল পিন্টারের পরিবর্তে মাঠে নামেন মেসি। তবে তার প্রত্যাবর্তনও মিয়ামির ভাগ্য বদলাতে পারেনি। ড্যানিয়েল পিন্টারই ৪২তম মিনিটে প্রথম এগিয়ে দিয়েছিল ইন্টার মিয়ামিকে। তার পরিবর্তেই মাঠে নেমেছিলেন মেসি।
৫০তম মিনিটে লিওন প্রথম গোল পরিশোধ করে। ড্যানিয়েল আরসিলা গোল করেন। ৫৩তম মিনিটে আবারও এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ইয়ানিক ব্রাইট গোল করেন। ৬১তম মিনিটে হুয়ান ডমিঙ্গেজের গোলে আবারও সমতায় ফেরে লিওন। তবে ৮৩তম মিনিটে ইন্টার মিয়ামির সর্বনাশ করেন ড্যানিয়েল আরসিলা। নিজের জোড়া গোল করে এগিয়ে দেন লিওনকে। যেটা জয় নিশ্চিত করে তাদের। মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে কাক্সিক্ষত ফল না পাওয়ায় লিগস কাপের পরবর্তী ধাপে ওঠার সুযোগ হারায় মিয়ামি। ফলে প্রতিযোগিতার প্রথম ধাপেই শেষ হয়ে গেল তাদের অভিযান।
এই বিদায় মেসির ক্যারিয়ারেও তৈরি করেছে একটি বিরল অধ্যায়। দীর্ঘ ও সাফল্যে ভরা ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা মেসিকে এবার ইন্টার মিয়ামির হয়ে লিগস কাপের প্রথম ধাপ থেকেই বিদায় নিতে হলো।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179781