‘সাভারে বোমার ল্যাব স্থাপন করতে চেয়েছিল নব্য জেএমবি’
ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্যরা বোমা তৈরির শক্তিশালী ল্যাব স্থাপনের পরিকল্পনা করেছিল বলে দাবি পুলিশের। সে লক্ষ্যে বিভিন্ন বিস্ফোরক দ্রব্যসহ যন্ত্রপাতি জড়ো করছিল বলে গ্রেপ্তারকৃত আরিফের কাছ থেকে তথ্য পাওয়ার কথা জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
এদিকে সদস্যপদ গ্রহণ, সংগঠনটির আদর্শ ও সত্তাকে সমর্থন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার প্রস্তুতির অভিযোগে একটি মামলা করেছে পুলিশ। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়েছে বলে সিটিটিসি ও ঢাকা জেলা পুলিশের সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে, পুলিশের গাড়িতে হামলা করার হুমকি দিয়েছিল বোমারু মামুন। হুমকি বাস্তবায়নের জন্য সে কী কী পরিকল্পনা করছে, কোথায় হামলা করতে চেয়েছিল—এমন কিছু প্রশ্ন সামনে রেখে আরিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশের একটি সূত্র।
সূত্র আরও বলছে, আরিফ বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারলেও মামুন কোথায়, কখন কী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, তা কাউকে বলে না। ঘটনার কয়েক মিনিট আগে তাদের জানানো হয়।
কাউন্টার টেরোরিজম ইউনিটের এক উপপুলিশ কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন , জিজ্ঞাসাবাদে আরিফ বলেছে, বোমারু মামুন বড় ধরনের হামলার যে পরিকল্পনা করছিল, তা বাস্তবায়নের জন্য কেরানীগঞ্জে আস্তানা গড়ে তুলেছিল। অসাবধানতাবশত বোমা বিস্ফোরণের পর সাভারে এসে বোমা তৈরির শক্তিশালী একটি ল্যাব স্থাপন করতে চেয়েছিল। এখানে বোমা তৈরি করে দূরে কোথাও ঘটনা ঘটাতে পারত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকটা নিরাপদ মনে করে এই বাসায় ইতিমধ্যে প্রেসার কুকার, পাইপসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্রে বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে।
তিনি আরও বলেন, মামুন সাভারে এই বাসায় যাওয়া-আসা করে কাজ করছিল। সে অন্য কোথাও বাসা নিয়ে বসবাস করে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সাভার কিংবা আশপাশের এলাকায় আরও আস্তানা গড়ে তুলতে পারে। এসব বিষয় ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে আরিফকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়াও ভাড়া বাসা থেকে বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম, পাঁচটি পাইপ বোমা, ডেটোনেটর, রিমোট-কন্ট্রোলার, রাসায়নিক ও বিয়ারিং বল কোথা থেকে, কীভাবে এবং কাকে দিয়ে সংগ্রহ করে আসছে—এসব তথ্য জানতেও আরিফকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179766