পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলো দৈনিক করতোয়া
স্টাফ রিপোর্টার : লাখো পাঠকের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় পালিত হলো দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী। ৫১তম বছরে পদার্পণ উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট) দৈনিক করতোয়ার বার্তাকক্ষ থেকে শুরু করে প্রতিটি বিভাগ সাজানো হয় বর্ণাঢ্য সাজে। পত্রিকা অফিসটিতে দিনজুড়ে ছিলো উৎসবের আমেজ। সন্ধ্যার পর পত্রিকা অফিসে ফুল, কেক নিয়ে শুভানুধ্যায়ীরা জড়ো হতে থাকেন।

তারা পত্রিকার সম্পাদক মোজাম্মেল হককে জানান ফুলেল শুভেচ্ছা। রাত ৮টার পরে অফিসের বার্তা কক্ষে পত্রিকায় কর্মরত সাংবাদিকসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ আগত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। একেবারে ঘরোয়া পরিবেশে আয়োজিত ওই অনুষ্ঠানে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, দৈনিক করতোয়ার সাংবাদিকগণসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) এর সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ।
শুভেচ্ছাপর্ব সঞ্চালনা করেন করতোয়া অনলাইন রিপোর্টার স্মৃতি সঞ্চয়িতা অর্থি।শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা বলেন, বগুড়া শহর নানা কারণে যেমন ঐতিহ্যবাহী তেমনি এই শহরকে পত্রিকার শহর হিসেবে পরিচয় করে দিয়েছে দৈনিক করতোয়া।
মফস্বল একটি শহর থেকে দীর্ঘ সময় ধরে ১২ পৃষ্ঠার একটি পত্রিকা প্রকাশ করা অসম্ভব কাজকে সম্ভবে পরিণত করেছেন সম্পাদক মোজাম্মেল হক। বক্তারা আরও বলেন, এটি আমাদের শৈশব কৈশোরের ভালোবাসার পত্রিকা। এই পত্রিকাটিতে যারা কাজ করেন তারা ন্যায়, সত্য এবং সততার সাথে কাজ করবেন পাশাপাশি পত্রিকাটি যেনো ক্ষমতাকে প্রশ্ন করার সাহস রাখে।
করতোয়া সম্পাদক মোজাম্মেল হক শুভেচ্ছা বক্তব্যে বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে দৈনিক করতোয়া সুবর্ণ জয়ন্তীতে এসেছে।। দৈনিক করতোয়া গণ-মানুষের কথা বলে। সমাজের বঞ্চিত ও নিপীড়িতের কথা বলে। সাদাকে সাদা ও কালোকে কালো বলে। এজন্য করতোয়া আজ পাঠক-প্রিয়তার শীর্ষে অবস্থান করছে। কারণ পাঠকরাই করতোয়ার মূল শক্তি।
তিনি আরও বলেন, করতোয়ার এই অগ্রসরের পেছনে যেমন অনুপ্রেরণা রয়েছে আমার পরিবার তেমনি সহযোগিতা করেছেন সাংবাদিকসহ করতোয়ার প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ। করতোয়া সম্পাদক আরো বলেন, আমি আশা করি আমার মৃত্যুর পরও করতোয়া যেন একইভাবে চলে। ভবিষ্যতে এই পত্রিকাটির দায়িত্বে যে বা যারা থাকবেন তারাও একই ভাবে করতোয়াকে যেন পরিচালনা করেন।
করতোয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মো, নজরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার লিটন কুমার দাস, সিনিয়র অফিসার এসএম আলীম আল রাজী, লায়ন্স ক্লাব অব বগুড়ার সভাপতি মো. নজরুল ইসলাম, সেক্রেটারী কাজল কুমার কুন্ডু, লায়ন মো. একরামুল কবির, লায়ন এম এ মান্নান, লায়ন এম আর হাসান পলাশ, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মহসিন আলী রাজু, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, উপদেষ্টা পলাশ খন্দকার, সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সদস্য বিশ্বজিৎ দাশ, সাকিবুল শাকিল, মৌমাছি খেলাঘর’র সভাপতি মাসুদুর রহমান রানা, শাওন পাল, সাদ্দাম হোসেন, লিটন হোসেন সাদ্দাম, আরিফুল ইসলাম মুন্না, দৈনিক করতোয়া এবং করতোয়া অনলাইনের সকল সাংবাদিকবৃন্দ এবং করতোয়ার জেনারেল শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, নওগাঁর মহাদেবপুর প্রতিনিধি এম সাখোয়াত হোসেন, সোনাতলা প্রতিনিধি বদিউজ্জামান মুকুল।
অপরদিকে ঢাকা অফিসে নির্বাহী সম্পাদক তাসলিমা হকের উপস্থিতিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১তম বছরে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় নির্বাহী সম্পাদক বলেন, সম্পাদক মোজাম্মেল হকের সততা, কঠোর পরিশ্রম এবং পাঠকদের ভালোবাসায় দৈনিক করতোয়া আজ সুবর্ণজয়ন্তীতে পৌঁছেছে। তিনি করতোয়ার উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি করতোয়ার পেছনে যাদের অবদান রয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দৈনিক করতোয়া জনপ্রিয়তা নিয়ে টিকে থাকুক শত বছর।
দৈনিক করতোয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক ভোরের দর্পণ, ন্যাশনাল প্রিন্টিং প্রেস ও ঢাকাস্থ বগুড়া সাংস্কৃতিক ফোরামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মো. সাহাব উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মো. খবির উদ্দিন, বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকার সভাপতি অ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. নুরুজ্জামান বাদল, সৈয়দ আহসান হাবিব আলোক, মো: আমিরুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট মো. আব্দুল মালেক ও মো. শাহিন মিয়া। ক্রীড়া সম্পাদক আমিনুল হক মল্লিকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা অফিসের কর্মরত সকল সাংবাদিক ও জেনারেল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179755