নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও অফিস ঘেরাও

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও অফিস ঘেরাও

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে নিয়োগ বঞ্চিত প্রার্থী ও বিএনপি নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসনের কর্মচারী ও প্রত্যাক্ষদর্শীরা জানান, এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফ্যামিলি কার্ডের শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হয়। এর পরে গতকাল বুধবার সকালে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উত্তীর্ণ হতে না পেরে ওই ফল বাতিলের দাবিতে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা নানা স্লোগান দেন। এক পর্যায়ে তারা উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইউএনও কার্যলয়ের সামনে বিক্ষোভ করেন ও ইউএনও কক্ষে প্রবেশ করে ইউএনওর সাথে অসদাচরন করেন।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ অনুযায়ী যথাযথভাবে স্বচ্ছতার সাথে নিয়োজন করা হয়েছে। কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। আজকে কিছু লোকজন এসে অশোভনীয় আচরণ করেছে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179749