নওগাঁর রাণীনগরে ৩ সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে থেকে সরকারি দামের চাইতে রাসায়নিক সারের দাম বেশি নেয়ায় ৩ জন সার ডিলারকে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
আদালত সূত্র জানায়, চলতি আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮হাজার, আব্দুল হান্নানকে ৬ হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং থানা পুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179746