নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পৃথক পানিতে ডুবে মুয়াজ মিয়া (১৮ মাস) ও তাসকিন তারেক (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (১২ আগস্ট) উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি ও পোগলা ইউনিয়নের শুনই গ্রামে এ দুটি ঘটনা ঘটে। 

মৃত মুয়াজ মিয়া রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার ছেলে এবং তাসকিন তারেক পোগলা ইউনিয়নের শুনই গ্রামের টিটু মণ্ডলের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে বসে খেলছিল মুয়াজ। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হাসিবুল হাসান মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে তাসকিন তারেকের পরিবারের সদস্যরা জানান, তাসকিন ঘরে বসে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানির একটি গর্তে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান দুটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179738