সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাভারের দক্ষিণ শ্যামপুরে চারতলা একটি ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ভবনটি থেকে চারটি বোমাসদৃশ বস্তু, বেশ কিছু ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর তেঁতুলঝোড়া ইউনিয়নের আব্দুল জলিলের মালিকানাধীন ওই ভবনে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও সাভার মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। আটক যুবকের নাম আরিফ হোসেন (২৫)।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। তল্লাশি চালিয়ে চারটি বোমাসদৃশ বস্তু, ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার সামগ্রী বিপজ্জনক কি না, তা পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থায় সরিয়ে নেয় বোম্ব ডিসপোজাল ইউনিট।

নিরাপত্তার কারণে অভিযান শুরুর আগে মাইকিং করে আশপাশের অন্তত ২০টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি এলাকাটি কর্ডন করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে আটক আরিফ হোসেনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সিটিটিসি সদস্যরা। তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সিটিটিসির এক সদস্য জানান, আরিফকে নিয়ে তারা পরবর্তী অভিযানে যাচ্ছেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক ও বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার সামগ্রী সিটিটিসির বিশেষজ্ঞরা নিয়ে গেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবেই শ্যামপুরের ওই ভবনে অভিযান চালানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179665