বগুড়ায় পৃথক অভিযানে দুই হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার: বগুড়ায় দুটি পৃথক চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৩ গাইবান্ধার যৌথ টিম আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলার আতিকুর রহমান সাগর হত্যা মামলার প্রধান আসামিসহ চারজন এবং সারিয়াকান্দি উপজেলার সাবেক সেনাসদস্য মোসলেম উদ্দিন হত্যা মামলার দুইজন রয়েছেন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বগুড়া র্যাব-১২ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাগর হত্যা মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার জিলহাজ মন্ডল (৪৬), মো. আরিফ (৩৫), মো. লিটন মিয়া (৩৫) ও মো. রব্বানী (২৫)। অন্যদিকে, মোসলেম উদ্দিন হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হলো সারিয়াকান্দি উপজেলার পাকুড়িয়া চর এলাকার মো. রহিদুল সরকার (৪৭) ও মো. শাহজাহান সরকার (৪০)।
র্যাব কর্মকর্তা জানান, গত ২৩ জুলাই গভীর রাতে বগুড়া সদরের চালিতাবাড়ি এলাকায় আতিকুর রহমান সাগরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের হলে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের দুটি পৃথক স্থান থেকে ওই মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ আগস্ট সারিয়াকান্দিতে সাবেক সেনাসদস্য মোসলেম উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে বগুড়ার নন্দীগ্রামের শিমলা বাজার ও কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই মামলার দুই আসামি রহিদুল ও শাহজাহানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছয় আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179649