কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমগাছের মগডালে অচেতন গৃহবধূ 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমগাছের মগডালে অচেতন গৃহবধূ 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের মগডালে উঠে অচেতন হয়ে পড়েন মোছা. বৃষ্টি আক্তার(২১) নামে এক গৃহবধূ। এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে বাড়ির আঙিনায় আমগাছের উঁচু মগডালে গৃহবধূ বৃষ্টি আক্তারকে অচেতন অবস্থায় দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়রা সেখান থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে রাত ৮টায় ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিশেষ কৌশলে গাছের মগডাল থেকে অচেতন অবস্থায় বৃষ্টি আক্তারকে নিরাপদে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃষ্টি আক্তার ওই এলাকার মো. জিলহানির স্ত্রী।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার লিডার আবুল হাসান জানান, খবর পেয়ে রাত ৮টায় তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর প্রায় ২০ থেকে ২৫ মিনিটের উদ্ধার অভিযানে আমগাছের মগডাল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179630