জয়পুরহাটে তীব্র লোডশেডিং দুর্ভোগে গ্রাহকরা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে তীব্র লোডশেডিংয়ের দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে করে খুব কষ্ট করে জীবন অতিবাহিত করতে হচ্ছে কয়েক হাজার গ্রাহককে।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কালাই জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. জোবায়ের আলী বসুনীয়া বলেন, কালাই উপজেলায় সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, তার বিপরীতে বর্তমানে প্রায় ৫০ শতাংশ বিদ্যুৎ পাওয়া গেছে।
বর্তমানে দিনরাতে গড়ে ১১ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে, আর বাকি সময় লোডশেডিং অব্যাহত থাকছে। তিনি বলেন, বিদ্যুতের প্রাপ্তি বাড়লে লোডশেডিংয়ের পরিমাণও কমে আসবে। তখন আর এমন দুর্ভোগ পোহাতে হবে না।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবু উমাম মো. মাহবুবুল হক বলেন, পুরো জেলায় গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের চাহিদা ছিল ৬২ মেগাওয়াট। এর বিপরীতে বর্তমানে চাহিদার প্রায় ৪৫ শতাংশ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে লোডশেডিং করতে হচ্ছে।
কালাই জোনাল অফিসের চার নম্বর ফিডারের দেওগ্রামের বাসিন্দা মো. সাজ্জাকুল ইসলাম জানান, সোমবার দিবাগত সারারাত ওই ফিডারে বিদ্যুৎ ছিল না। বারবার কালাই জোনাল অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯ টায় যদিও একবার লাইন চালু করা হয়, তার এক ঘন্টা পর আবারও তিন ঘন্টা লোডশেডিংএ থাকতে হয়। এভাবে আর চলা যায় না। দিনের বেলায় কষ্ট করে সময় কাটালেও রাতের বেলায় দম বন্ধ হয়ে আসে।
জেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় অন্তত ১৮ থেকে ১৯ বার লোডশেডিং হয়েছে। গ্রাহকদের অভিযোগ, ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং থাকায় বিশেষ করে চলতি এইচএসসি শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যা সমানের অনুরোধ জানান ভূক্তভোগীরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179627