ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলে একটি প্রতিযোগিতামূলক ও তুলনামূলক স্বচ্ছ প্রক্রিয়া তৈরি হয়েছে। এর পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও অনিয়মের সুযোগ বাড়তে পারে।
তারা বলেন, শিক্ষকতা একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশা। তাই এ পেশায় নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাবের ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিক্ষোভে বক্তারা আরও বলেন, এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া যেতে পারে। কোথাও কোনো দুর্বলতা থাকলে তা সংস্কারের মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু একটি কেন্দ্রীয় ও প্রতিযোগিতামূলক নিয়োগব্যবস্থার পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় তারা ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের উদ্যোগ বাতিল করে এনটিআরসিএ-এর মাধ্যমে মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179581