নাটোরের হালতিবিলে নৌকাডুবি, ছেলের মৃত্যু-বাবা উদ্ধার
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মো. শহিদুল ইসলাম ওরফে সদু (৩২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা হাবিবুর রহমানকে (৬০) জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার ( ১১ আগস্ট) সকালে উপজেলার হালতিবিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ও জীবিত উদ্ধার হওয়া হাবিবুর রহমান নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বামুনগ্রামের বাসিন্দা। পেশায় তারা মৎস্যজীবী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে বাবা ও ছেলে বাড়ির পাশের হালতিবিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান। সকালে হঠাৎ করে তীব্র ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের চিৎকার ও আশপাশের লোকজনের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয়দের প্রচেষ্টায় বাবা হাবিবুর রহমানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পানিতে ডুবে মৃত্যু হয় ছেলে শহিদুলের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইব্রাহিম হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179568