সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজন বাংলাদেশি যুবক সীমানা পিলার ৯৮৮-এর কাছে কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় যান। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হলেও আজিবর রহমানকে বিএসএফ ধরে ফেলে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, আজিবর রহমান নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ। তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179565