সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সব শঙ্কা আর গাণিতিক হিসেব-নিকেশের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসি র‍্যাংকিংয়ের সুবিধাজনক অবস্থানে থাকায় কোনো বাছাইপর্ব ছাড়াই বিশ্বকাপের মূল আসরে খেলবেন টাইগাররা। অন্যদিকে, কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের; তাদের আবারও খেলতে হবে বাছাইপর্ব। 

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংইয়ে থাকা শীর্ষ ৮টি দল বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পাবে। তবে স্বাগতিক হওয়ায় এর বাইরে থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ ৮-এ রয়েছে, তাই র‍্যাংকিংয়ের শীর্ষ ৯ দল সরাসরি যাবে বিশ্বকাপে।

বেলফাস্টে আইরিশদের হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর র‍্যাংকিংয়ের হিসেবনিকেশ বলছে, বাংলাদেশের জায়গাও পাকা। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, 'আফগানিস্তানের সাথে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।'

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ আছে দুটি, ভারতের বিপক্ষে। তবে ঐ দুটি ম্যাচ দিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো সুযোগই নেই তাদের। তাই একদিকে যেমন বাংলাদেশের বিশ্বকাপ টিকিট নিশ্চিত, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকেও নিশ্চিতভাবে লড়তে হবে বিশ্বকাপ বাছাইপর্বে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179560