কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত গ্রেফতার ১৭
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে শহিদুল ইসলাম(৩০) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে খামার আন্ধারীঝাড় গ্রামের ব্রিজপাড় এলাকায় ঘটনাটি ঘটে। শহিদুল উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় এলাকার কানিপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। এতে মবদুল ও সাবিনা নামের আরও দু’জন আহত হন। এঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, খামার আন্ধারীঝাড়ের আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো। এবিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা গ্রাম্য সালিশ ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হয়।
জানাগেছে, সোমবার দুপুরে দিকে শুক্কুর আলীসহ কয়েকজন ওই জমি চাষ করে রোপা-আমনের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় প্রতিপক্ষ শহিদুল ইসলাম ও তার স্বজনরা গিয়ে বাধা দিলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলাম মারাত্মক আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। মারামারি ও হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৭ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, বিবদমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179538