বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি তৈরি করায় ২টি প্রতিষ্ঠানের জরিমানা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর পৌরশহরের ঘোষপাড়া এলাকায় চৈতি দধি ভান্ডার ও প্রান্ত দধি ভান্ডার নামের দুটি দই-মিষ্টি তৈরির কারখানায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা ২টিতে বাথরুমে তেলাপোকা, খোলা অবস্থায় মিষ্টি, খাবারের ওপর ব্যবহারের কাপড় এবং আগের দিনের তৈরি দই বিক্রির জন্য সংরক্ষণ করায় এই জরিমানা করা হয়।
আজ সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা বেগম অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চৈতি ও প্রান্ত দধি ভান্ডারে দই ও মিষ্টি তৈরির কারখানায় নানা অনিয়ম দেখা যায়। খাবারের ওপর ব্যবহারের কাপড় রাখা, কারখানার বাথরুমে তেলাপোকা, আগের দিনের তৈরি দই নতুন দইয়ের সঙ্গে বিক্রির জন্য রাখা হয়েছিল।
এ ছাড়াও খোলা অবস্থায় মিষ্টি সংরক্ষণ করা, কারখানার ভেতরেই গোসল করাসহ নানা অনিয়ম দেখা যায়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে নিরাপত্তায় শেরপুর থানা-পুলিশের একটি দল দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179507