বগুড়ার ধুনটে স্বামীর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা গ্রেফতার ১

বগুড়ার ধুনটে স্বামীর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা গ্রেফতার ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে রাতের বেলায় স্বামীর ঘরে ঢুকে দুই সন্তানের জননীকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় মিনিস্টার (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনিস্টার উপজেলার বড় চাপড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বিশ্বকাপ খেলা উপলক্ষে পাশের বাড়িতে দাওয়াত খেতে যান। বাড়ি থেকে যাওয়ার সময় ঘরের ভেতর স্ত্রীকে রেখে বাহির থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে পাশের বাড়িতে গিয়েছিলেন ওই গৃহবধূর স্বামী।

এসময় মিনিস্টার ওই বাড়িতে গিয়ে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা করে। তখন গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে মিনিস্টার কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে ২৮ জুলাই মিনিস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179498