নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে চিকিৎসাধীন ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে চিকিৎসাধীন ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও গুলিতে আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম মারা গেছেন।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। 

গত ১ আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা ফকিরবাড়ির এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ও  গুলিতে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম। এছাড়া গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। গত ১ আগস্ট রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন। এসময় পূর্ব শত্রুতার জেরে বিজয়, সবজু, ইকবাল ও সানি দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।

এতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন ছাত্রদল নেতা মাসুম। এসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরও ১০ জন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আহত মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় ছাত্রদল নেতা মাসুমের বোনজামাই হাসান মো. মহসিন বাদী হয়ে গত ৪ আগস্ট পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179480