কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ সোমবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আক্তারুজ্জমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য সোমবার ১০ আগস্ট দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ মামলাটি দায়ের করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179456