রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে। আজ রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, আইসিটি বিভাগের শিক্ষক ইউনুস আলী ও সারওয়ার জাহান আজ রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শুরু করেন। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, টাকা আদায়ের সময় শ্রেণিকক্ষের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে এই অর্থ আদায় করা হয়। শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়ের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে গোদাগাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে আলাদাভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179411