গাইবান্ধার সাদুল্লাপুরে অনুমতি ছাড়াই রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে অনুমতি ছাড়াই রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এলজিইডির রাস্তার পাশে বিশাল একটি রেইন্ট্রি গাছ অনুমতি ছাড়াই কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার (৯ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম সেলিম।

স্থানীয়রা জানান, ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স মৌজায় এলজিইডির রাস্তার পাশে বিশালাকৃতির রেইন্ট্রি গাছটি দীর্ঘদিন ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করছিল। এরই মধ্যে গত ২৭ জুলাই কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির ছত্রছায়ায় মৃত বানা মিয়ার ছেলে গাবুর আলী গাছটি কেটে ফেলেন। এরপর গাছের গুড়িগুলো অন্যত্র বিক্রির চেষ্টার সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি।

এরপর থেকে গাছের গুড়িগুলো বাড়ির আঙিনায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, গাছটি গাবুর আলী তার মালিকানায় বৈধ করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সাথে আঁতাত করে প্রত্যয়ন নিয়েছেন। অথচ এই গাছে সরকারের স্বার্থ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত গাবুর আলীর সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই আমজাদ আলী বলেন, রাস্তার পাশের রেইন্ট্রি গাছটি তাদের মালিকানা জমিতে ছিল। যা তারা কেটে নিয়েছেন। ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, ওই গাছটি মালিকানা বলে মনে হচ্ছে। তাই এসকেএস কাগজ করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভাতগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম সেলিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কার স্বার্থে এই গাছ সেটি সরকারি সার্ভেয়ার দিয়ে মেপে দেখা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179402