পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি : পাবনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মাবুদ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেফতার ও ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মাবুদ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কোয়াজ আলীর ছেলে।

এসময় ডিএনসির সদস্যদের উপস্থিতি টের পেয়ে আলামিন ওরফে মুন্না (৩৩) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক আলামিন ওরফে মুন্না একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের একটি দল কাশিপুর গ্রামের আব্দুল মাবুদের বাড়িতে অভিযান চালায়।

এসময় ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং আব্দুল মাবুদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মাবুদকে মাদক মামলায় আজ রোববার (৯ আগস্ট) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179392