নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে শাহীন চৌধুরী (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকার জামে মসজিদসংলগ্ন সোমেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহীন চৌধুরী দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের মৃত আবদুল লতিফ চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন শাহীন। নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই বিভিন্ন স্থানে অচেতন হয়ে পড়ে থাকতেন তিনি। স্থানীয়দের ধারণা, শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় নদীতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

রোববার সকালে নদীতে শাহীনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘শাহীন চৌধুরী প্রায় ৩০ বছর ধরে মাদকাসক্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই বিভিন্ন স্থানে অচেতন হয়ে পড়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।’

ওসি আরও বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি। পরিবারের আবেদনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179350