পাইপলাইনে লিকেজ, জেলাজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় গ্যাস সরবরাহের পাইপলাইনে লিকেজ দেখা দেয়ায় লক্ষ্মীপুর জেলার পুরো এলাকায় এবং নোয়াখালী জেলার একটি অংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে প্রায় সাড়ে ৭ হাজার গ্রাহক ও চারটি সিএনজি ফিলিং স্টেশন গ্যাস সংকটে পড়েছে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কেন্দুরবাগ এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশের একটি সেতুর নিচে পানির তলদেশে থাকা পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। নিরাপত্তার স্বার্থে শনিবার রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লক্ষ্মীপুর জেলার বাসাবাড়িতে রান্নাবান্না নিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা। একই সঙ্গে গ্যাস নির্ভর সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা।
আজ রোববার (৯ আগস্ট) সকাল থেকে লিকেজ মেরামতের কাজ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তবে পাইপলাইনটি পানির নিচে থাকায় কাজ কিছুটা জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত মেরামতকাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। তাদের আশা, মধ্যরাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শাহ আলম জানান, কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। দ্রুত মেরামতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাতের মধ্যে মেরামত শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।
তিনি আরও জানান, লিকেজের কারণে লক্ষ্মীপুর জেলার প্রায় সাড়ে ৭ হাজার গ্রাহক ও চারটি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।