মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকা থেকে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ। এ সময় চোরাকারবারিরা একটি সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এর চালক ও চোরাকারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেটগুলো জব্দ করা হয়।
জব্দ করা সিগারেটের মধ্যে ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের সিগারেট রয়েছে। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা। এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
জব্দ করা আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।