বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেফতার

বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেফতার

বিনোদন ডেস্ক :  চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। পরে সিআইডিতে হস্তান্তর করা হয় তাকে।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ‘আজ সৌদি আরব যাওয়ার সময় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে গ্রেপ্তার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল এসে তাকে নিয়ে যায়।’

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানিয়েছেন, ডনকে ইতোমধ্যে আদালতে পাঠিয়েছেন তারা।

তিনি আরও জানান, সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নামও রয়েছে। গতবছর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

গোলাম বেনজীর বলেন, সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আজ সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার জন্য ওই আসামি বিমানবন্দরে যান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179330