মৌলভীবাজার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

মফস্বল ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে তারা মিয়াসহ চার-পাঁচজন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় বিএসএফ’র টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এসময় তার সঙ্গে থাকা বাকি সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তারা মিয়াসহ চার-পাঁচজন যুবক ভারতীয় নাসির পাতার বিড়ি আনার জন্য ভারতের আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলী এলাকায় ঢুকে পড়েন।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবি’র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফ’র পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179298