জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার মূল্যায়ন করতে হবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে জুলাই গণঅভ্যুত্থানে নিজ বাসার বারান্দায় পুলিশের গুলিতে নিহত শহীদ নাঈমা সুলতানার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাঈমা সুলতানা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই এখন সবার প্রধান দায়িত্ব। এ সময় তিনি নাঈমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াত আমির বলেন, নাঈমার মা অত্যন্ত যত্ন করে তাকে বড় করেছিলেন। কিন্তু স্বৈরাচারীদের গুলিতে সেই নাঈমাকে হারাতে হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে তিনি বহু শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে নাঈমার পরিবারের বাসা কাছাকাছি হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে দেখা করতে কিছুটা দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

তিনি নাঈমার পরিবারের জন্য দোয়া করেন এবং শহীদ পরিবারগুলোর প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179286