নওগাঁর মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ গ্রেফতার ২
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ডলার দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার পর আরও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং তাকে জিম্মি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মধ্যমৈনম (সরদারপাড়া) গ্রামের হাফিজুর রহমান সবুজ(২৯) ও আব্দুল মতিন(২০)। পুলিশ বলছে, গ্রেফতার হাফিজুর রহমান এ ঘটনায় প্রধান আসামি। মামলার বাদি আব্দুর রহিমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পনার গ্রামে। তিনি ঢাকায় আল মদিনা ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সিতে চাকরি করেন।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় তিনি মান্দা থানায় মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, হাফিজুর রহমান ওই রিক্রটিং এজেন্সিতে এজেন্ট হিসেবে কাজ করতেন। এ কারণে প্রতিষ্ঠানের মালিক ইউনুছ আলীসহ কর্মচারীদের সাথে তার ভালো পরিচয় হয়।
গত ২৫ জুলাই হাফিজুর মুঠোফোনে আব্দুর রহিমকে জানান, তার কাছে কিছু ডলার আছে। তিনি ওই ডলার রিক্রটিং এজেন্সির মাধ্যমে ভাঙিয়ে টাকা নিতে চান। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট আব্দুর রহিম সন্ধ্যার দিকে ডলার নেওয়ার জন্য হাফিজুরকে ৫ লাখ দেন। পরে ডলার চাইলে হাফিজুর তাকে মোটরসাইকেলে করে সন্ধ্যায় মান্দা ফেরিঘাট এলাকায় নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, বাসস্ট্যান্ড এলাকার শ্রমিক অফিসের পাশে একটি আন্ডারগ্রাউন্ড কক্ষে নিয়ে আব্দুর রহিমকে জিম্মি করা হয়। এসময় হাফিজুরের সহযোগিরা তার কাছে থাকা আরও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী আব্দুর রহিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।
এ ঘটনায় আব্দুর রহিম বাদি হয়ে হাফিজুর রহমান সবুজ, আব্দুল মতিন, এনামুল হক, মাহফুজুর রহমান সুমন, জয়নাল, আল মামুন ও কনক কুমারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে হাফিজুর রহমান সবুজ ও আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179268