চাকরি ক্ষেত্রে ৫% কোটার দাবিতে বগুড়ায় আদিবাসী পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাকরি ক্ষেত্রে ৫% কোটার দাবিতে বগুড়ায় আদিবাসী পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শহর প্রতিনিধি : আদিবাসীদের উন্নয়নে মূলস্রোতে অন্তর্ভুক্ত তাদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের জীবন ও সংস্কৃতির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় আদিবাসী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইটেন মুরমু।

আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য জাতীয় আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্বাধীনতা পরবর্তী সকল সরকার আদিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে, যার ফলে তারা আজ নিজ দেশে পরবাসীর ন্যায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

বিভিন্ন সময় আদিবাসীদের ভূমি দখল, মিথ্যা মামলা, এবং নির্যাতনের শিকার হওয়ার পরেও তারা ন্যায়বিচার পাননি বলে উল্লেখ করেনা।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আদিবাসী নেতারা বলেন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, 'আদিবাসী' হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ৯৭ (৮) ধারার বাস্তবায়ন, দখলি শর্তে খাস জমি-বসতভিটা-কবরস্থান-পুকুর আদিবাসীদের নামে প্রদান, বনবিভাগের দখল ও মামলা-হয়রানি, শিক্ষ ও চাকরি ক্ষেত্রে ৫ শতাংশ কোটা সংরক্ষণ, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিসহ ১৬টি দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফিলিমন বাস্কে, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বগুড়া জেলা সভাপতি সন্তোষ শিং বাবু, নাটোর জেলা সভাপতি রঘুনাথ এক্কা, পাবনা জেলা সভাপতি আশিক বানিয়াস প্রমুখ ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179263