গাইবান্ধার সাঘাটায় হামলায় আহত জামায়াত কর্মীর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় হামলায় আহত জামায়াত কর্মীর মৃত্যু

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় হামলায় গুরুতর আহত জামায়াতের যুব বিভাগের কর্মী মো. সালাহউদ্দিন (২৭) মারা গেছেন। আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় দুই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সালাহউদ্দিন সাঘাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য মাওলানা শামসুল ইসলাম দুদুর ছেলে। গত ২১ জুন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকায় নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর আজ শনিবার (৮ আগস্ট) সকালে তার মৃত্যু হয় বলে জামায়াতের নেতারা জানিয়েছেন।

সালাহউদ্দিনের মৃত্যুর ঘটনায় জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নেতারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম এমপি, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানাসহ নেতারা পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

নেতারা অভিযোগ করেন, গত ২১ জুন সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন ও কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সালাহউদ্দিন গুরুতর আহত হন। পরে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলো।

জামায়াতের নেতাদের অভিযোগ, ওই হামলায় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোকলেছুর রহমান মুকুল, পলাশ ও যুগ্ম আহ্বায়ক আশরাফ সরাসরি জড়িত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

জামায়াতের দাবি, একই হামলার ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল্লাহ বারী (২৪) নিহত হন। ফলে একই ঘটনায় একজনের পর আরেকজনের মৃত্যুর ঘটনায় এলাকায় নতুন করে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়েছে।

জামায়াত নেতারা বলেন, আমরা আমাদের নিবেদিতপ্রাণ একজন কর্মীকে হারালাম। তারা সালাহউদ্দিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন। শনিবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179260