মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা, ছয়তলার কার্নিশে আটকা শিশু ছাত্রী উদ্ধার
ফেনী শহরের পাগলা মিয়া সড়কের একটি বহুতল ভবনের বাইরের অংশের কার্নিশ থেকে এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ‘মা ভিলা’ নামের ওই ভবনের কার্নিশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম ইয়াসমিন আক্তার (১০)। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা।
ওই ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত পরিচালিত ‘দারুন নাজাত মহিলা মাদ্রাসা’র চতুর্থ শ্রেণির আবাসিক শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশুটি ভবনের বাইরের অংশে জানালার কার্নিশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসেছিল।
নিচে শূন্যে ঝুলন্ত অবস্থায় তাকে বসে থাকতে দেখে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্ল্যাটফর্ম ব্যবহার করে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
ঘটনার আকস্মিকতা নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি স্বেচ্ছায় সেখানে গিয়ে থাকতে পারে।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু ইয়াসমিন জানায়, এই মাদ্রাসায় থেকে পড়াশোনা করতে তার ভালো লাগে না। শনিবার সকালেও তার বাবা-মা জোর করে তাকে মাদ্রাসার আবাসিকে রেখে যান। মাদ্রাসা থেকে বের হওয়ার বা বাড়িতে ফিরে যাওয়ার উপায় না পেয়ে সে এমন পথ বেছে নিয়েছিল।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে টিম পাঠানো হয়। পরে শিশুটিকে কোনো ক্ষতি ছাড়াই নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। শিশুটিকে তার পরিবারের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।