পাবনার বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগ নেতাকর্মীরা
পাবনা ও বেড়া প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সোহেল রানাকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মী সমর্থকরা। আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি অভিযুক্ত উক্ত যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকরা পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল রানার বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোহেল রানাকে পুনরায় গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179230