ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া : মার্কিন গোয়েন্দা
আন্তর্জাতিক ডেস্ক : আগামী কয়েক বছরের মধ্যে ন্যাটোর কোনো সদস্যদেশে সীমিত হামলা চালিয়ে জোটটির ঐক্য ও প্রতিরোধক্ষমতা পরীক্ষা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে এমন আশঙ্কার কথা উঠে এসেছে বলে জানিয়েছে সিএনএন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে রাশিয়ার সম্ভাব্য কয়েক ধরনের উত্তেজনা বাড়ানোর পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সাইবার হামলা থেকে শুরু করে সীমিত পরিসরে সামরিক অনুপ্রবেশ। মূল লক্ষ্য হতে পারে ন্যাটোর ঐক্য এবং জোটের বহুল আলোচিত আর্টিকেল ৫-এর প্রতিশ্রুতি পরীক্ষা করা। এই ধারায় বলা হয়েছে, ন্যাটোর কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে মার্কিন গোয়েন্দাদের ধারণা, রাশিয়া এমন কোনো পদক্ষেপ নিতে পারে, যা ন্যাটোর সম্মিলিত সামরিক প্রতিক্রিয়ার সীমা অতিক্রম না করেও জোটটির দৃঢ়তা পরীক্ষা করবে।
বিষয়টি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে পুতিন কীভাবে বা কখন এমন পদক্ষেপ নিতে পারেন, তা এখনও স্পষ্ট নয়। তবে গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, রাশিয়া উত্তেজনা বাড়ালে বাল্টিক অঞ্চল অথবা পোল্যান্ডকে লক্ষ্য করার সম্ভাবনা বেশি। মার্কিন ও ন্যাটো কর্মকর্তাদের ধারণা, ইউক্রেন যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার কোনো পথ পুতিন যদি না পান, তাহলে তিনি ন্যাটোর বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। সিএনএনের প্রতিবেদন মতে, পুতিনের পরবর্তী পদক্ষেপ নেওয়ার সম্ভাব্য সময়সীমা এখন থেকে শুরু করে আগামী কয়েক বছর পর্যন্ত বিস্তৃত।
ন্যাটো সামরিক জোটের জ্যেষ্ঠ মুখপাত্র মার্টিন ও’ডনেল গোপন গোয়েন্দা মূল্যায়ন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেন, ন্যাটো ‘সবসময় বিভিন্ন ধরনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে চিন্তা করে এবং তার জন্য প্রস্তুতি নেয়।’ তিনি আরও বলেন, ‘ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। আমরা সেটিই অব্যাহত রাখছি।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179162