সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় নিহত ২

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এসময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ১২ জন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179158