ফুলহ্যাম ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশি ফারহান

 ফুলহ্যাম ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশি ফারহান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ গত মৌসুমে প্রিমিয়ার লিগ ২-এ ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ১৭টি গোলে সরাসরি অবদান রাখেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নও পেয়েছিলেন।

নতুন ঠিকানা বোরহাম উডও সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে খেলেছিল দলটি। নতুন মৌসুমে নিজেদের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। ফলে শুরু থেকেই একাদশে জায়গা করে নেয়ার সুযোগ থাকবে ফারহানের সামনে। এর আগে গত ২৫ জুলাই ফুলহ্যামের মূল দলের জার্সিতে অভিষেক হয় তার। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় ৪৫ মিনিট খেলেন তিনি।

ফারহানের ফুটবল যাত্রার শুরু চেলসির একাডেমিতে। ১২ বছর বয়সে তিনি যোগ দেন ফুলহ্যামের একাডেমিতে। এরপর বয়সভিত্তিক প্রতিটি ধাপ সফলভাবে পেরিয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে। ২০২৫ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগ ২-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াও তার সম্ভাবনার বড় স্বীকৃতি। এখন বোরহাম উডে এক মৌসুমের ধারের চুক্তি ফারহানের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। বয়সভিত্তিক পর্যায়ে নিজের সামর্থ্যের প্রমাণ তিনি আগেই দিয়েছেন, এবার লক্ষ্য সিনিয়র ফুটবলে সেই ধারাবাহিকতা ধরে রাখা।

এদিকে ইংল্যান্ডপ্রবাসী এই প্রতিভাবান উইঙ্গারকে বাংলাদেশের জার্সিতে খেলানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে তার অভিষেকও হতে পারে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179155