পাবনার সুজানগরের পদ্মা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরের গাজনার বিলের পর এবার পদ্মা নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে। এসব মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রি করলেও দেখার কেউ নেই।
জানা যায়, চলতি বর্ষা মৌসুমে সুজানগরের পদ্মা নদীতে প্রচুর পরিমাণে টাটকিনি, সরপুঁটি এবং বেলেসহ বিভিন্ন প্রজাতির পোনা ও মা মাছের দেখা মিলছে। পদ্মাপাড়ের কতিপয় অসাধু মৎস্যজীবী ও মৎস্য শিকারীরা আশপাশের হাট-বাজার থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কিনে নদী থেকে অবাধে ওই মা ও পোনা মাছ নিধন করছে।
পদ্মাপাড়ের নারুহাটি গ্রামের বাবু প্রামাণিক বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তদারকি নেই। আর সেই সুযোগে এলাকার কতিপয় অসাধু মৎস্যজীবী ও মৎস্য শিকারীরা প্রতিদিন ভোর রাতে এবং দুপুরে পদ্মা নদী থেকে নিষিদ্ধ ওই চায়না দুয়ারি জাল দিয়ে পোনা ও মা মাছ শিকার করছে। উপজেলার শ্যামনগর গ্রামের বিকমল হোসেন বলেন, স্থানীয় গাজনার বিলের পর অসাধু মৎস্যজীবীরা এবার পদ্মা নদী থেকেও নিষিদ্ধ জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন করছে।
এতে শুষ্ক মৌসুমে নদীতে মাছের আকাল দেখা দিতে পারে। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মা ও পোনা মাছ নিধন বন্ধে নদীতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179115