ছেলের বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে এক কথায় উড়িয়ে দিলেন লিওনেল মেসি। তার বড় ছেলে থিয়াগো মেসি ইন্টার মায়ামি ছেড়ে স্পেনের ক্লাব বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি ‘লা মাসিয়া’তে যোগ দিচ্ছে এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
লিগস কাপে ইন্টার মায়ামির ম্যাচের আগে স্টেডিয়ামে প্রবেশের সময় সাংবাদিকেরা মেসির কাছে এ বিষয়ে জানতে চান। এক সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, ‘থিয়াগো কি চলে যাচ্ছে?’ তখন সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে হাঁটতে থাকা মেসি কোনো ব্যাখ্যায় না গিয়ে সংক্ষিপ্ত উত্তর দেন, ‘না।’ তার এই এক শব্দের জবাবেই ছড়িয়ে পড়া গুঞ্জনের ইতি টানেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছিল, ১৩ বছর বয়সী থিয়াগো আবারও বার্সেলোনায় ফিরছে এবং লা মাসিয়ায় আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছে। তবে মেসির বক্তব্যে পরিষ্কার হয়েছে, আপাতত এমন কোনো পরিকল্পনা নেই।
২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই থিয়াগো ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলছে। এর আগে বাবার ক্যারিয়ারের পথ অনুসরণ করে সে ফ্রান্সে পিএসজির একাডেমির সঙ্গে যুক্ত ছিল। আরও আগে বার্সেলোনায় থাকার সময় বার্সা এসকোলার কার্যক্রমেও অংশ নিয়েছিল। বর্তমানে ইন্টার মায়ামির একাডেমিতেই তার ফুটবল শিক্ষা ও অনুশীলন চলছে।
থিয়াগোর খেলার ধরণ নিয়েও আগে কথা বলেছেন মেসি। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার বড় ছেলে খেলাটি খুব ভেবেচিন্তে খেলে এবং বল নিয়ন্ত্রণ ও আক্রমণ গড়ে তোলার দিকেই বেশি মনোযোগ দেয়। মেসির ভাষায়, থিয়াগো একজন মিডফিল্ডার হিসেবে নিজেকে গড়ে তুলছে এবং মাঠে খেলা সংগঠিত করতে পছন্দ করে।
এদিকে মাঠের বাইরের আলোচনা থামিয়ে মাঠেও নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন মেসি। লিগস কাপে সান লুইসের বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ গোলের জয়ে দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টে জয় তুলে নেয় ইন্টার মায়ামি, আর একই দিনে ছেলেকে ঘিরে ছড়িয়ে পড়া জল্পনারও অবসান ঘটে মেসির সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট বক্তব্যে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179067