৪৩ শিক্ষার্থী নিখোঁজের এক দশক পর সাবেক গভর্নর গ্রেফতার, উঠছে গোপন নথি ধ্বংসের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর বহুল আলোচিত ৪৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনার এক দশকের বেশি সময় পর নতুন করে মোড় নিয়েছে তদন্ত। এ ঘটনায় তৎকালীন অঙ্গরাজ্যের গভর্নর অ্যাঞ্জেল অগিরেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ গোপন করা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে অগিরেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এই মামলায় তাঁর গ্রেপ্তারকে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে মামলায় সবচেয়ে আলোচিত গ্রেপ্তারগুলোর মধ্যে ছিল দেশটির সাবেক অ্যাটর্নি জেনারেল জেসুস মুরিলো কারামের গ্রেপ্তার।
২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গেয়েরেরো অঙ্গরাজ্যের আইগুয়ালা শহর থেকে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হন। তাঁরা ‘আইওতজিনাপা রুরাল টিচার্স কলেজের’ শিক্ষার্থী ছিলেন।
একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে কয়েকটি বাসে করে যাওয়ার সময় তাঁদের ওপর হামলা হয়। অভিযোগ রয়েছে, মাদক চক্র এবং স্থানীয় ও কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন।
তদন্তে ধারণা করা হয়, শিক্ষার্থীদের বহনকারী বাসগুলোকে ঘিরে মাদক পাচারের একটি বিষয় ছিল। এরপর শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হলেও এক দশকের বেশি সময় পরও তাঁদের নিখোঁজ হওয়ার পুরো রহস্যের সমাধান হয়নি।
এখন পর্যন্ত মাত্র তিন শিক্ষার্থীর হাড়ের অবশিষ্টাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এরনেস্টিনা গোডোই জানিয়েছেন, সাম্প্রতিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তৎকালীন গভর্নর অগিরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংসের অভিযোগ সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের কাছে হস্তান্তরের পরিবর্তে তা ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কারিগরি ভুল ছিল না। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে জেনেশুনে প্রমাণ ধ্বংসের একটি চক্রান্ত চালানো হয়েছিল।
ঘটনার প্রায় এক মাস পর, ২০১৪ সালের অক্টোবরে ব্যাপক জনরোষের মুখে গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন অগিরে।
এরপর মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবামের প্রশাসন মামলাটির তদন্ত নতুন করে শুরু করলে গ্রেপ্তার করা হয় সাবেক এই গভর্নরকে।
৪৩ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁদের স্বজনেরা সত্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের অনেক প্রশ্নের উত্তর মেলেনি।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা ক্লেমেন্টে রদ্রিগেজ বলেন, তাঁরা শুরু থেকেই অগিরেকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে আসছিলেন। ঘটনার পেছনে যা ঘটেছে, তাঁকে তার সবটাই বলতে হবে।
তবে নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনদের প্রতিনিধিত্বকারী মানবাধিকার সংস্থা ‘আগুস্তিন প্রো জুয়ারেজ হিউম্যান রাইটস সেন্টার’ জানিয়েছে, সাবেক গভর্নরকে গ্রেপ্তারের বিষয়টি পরিবারগুলোকে আগে থেকে জানানো হয়নি।
সংস্থাটি বলেছে, আইনি প্রক্রিয়াটি যদি স্বচ্ছ ও শক্তভাবে পরিচালিত হয়, তাহলে দীর্ঘদিন পর ভুক্তভোগী পরিবারগুলো সুবিচার পাওয়ার সুযোগ পাবে।
৪৩ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা মেক্সিকোর সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও মর্মান্তিক ঘটনা। এক দশকের বেশি সময় পর সাবেক গভর্নরের গ্রেপ্তার সেই পুরোনো মামলাটিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
সূত্র: এপি
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179055