কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭২ হাজার ৯৯০ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

আজ শুক্রবার (৭ আগস্ট) র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া চকবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার মৃত ছৈয়দ হোসেনের ছেলে হামিদ হোসেন (৩০) এবং সদর ইউনিয়নের দক্ষিণ নাজিরপাড়ার মোহাম্মদ ছালের ছেলে মোহাম্মদ হামিদ হোছন (২৪)।

র‌্যাব জানায়, শাপলা চত্বর বাজার এলাকায় টহল চলাকালে নাজিরপাড়া এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুদের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতঘরের আলমারির ড্রয়ার থেকে ৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭২ হাজার ৯৯০ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে হামিদ হোছনের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে আরও ৩৮০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179051